
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকালে শহরের বাঙলা ভবন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির জেষ্ঠ্য আহ্বায়ক সামান্থা শারমিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে বলেন, “গণপরিষদ ছাড়া আর কোনো সরকার বা নির্বাচনের ম্যান্ডেট নাই। যে নির্বাচন নতুন সংবিধান আমাদের তৈরী করে দিতে পারবে। বিদ্যমান এই সংবিধান একটি প্রশ্নবিদ্ধ ও অভিশপ্ত সংবিধান। এই সংবিধানে মানুষের মতামতের জায়গা রাখা হয়নি। এটি একটি দলীয় সংবিধান ছিলো।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক যে ধারা পরিবর্তনের দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি, সে দায়িত্ব আমরা শুধু মনে করি না এনসিপির। এই অভ্যুত্থান সকলের ছিলো, সকল রাজনৈতিক দলের ছিলো। রাজনৈতিক দলগুলোকে এই দায়িত্ব নিতে হবে। বাংলাদেশকে তারা কিভাবে নতুন সংবিধান প্রদান করতে পারেন, এই দায়িত্ব কেউ অস্বীকার করতে পারবেন না।”
সামান্থা শারমিন বলেন, “আমরা দেখেছি ঐক্যমত্যে কমিশনে অনেকেই গণপরিষদ নির্বাচনের বিরোধিতা করছেন। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, গণপরিষদ নির্বাচন ব্যতীত আর কোনো নির্বাচন বাংলাদেশের অভ্যুত্থানের ম্যান্ডেট ধারণ করবে না।”
তিনি বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের নানান ধরণের বাস্তবতা আছে। আমরা আইনশৃঙ্খলা বাস্তবতার মধ্যে আছি, একধরনের। সেইসাথে আমরা পুরো জনগোষ্ঠী ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এই বাস্তবতা সত্ত্বেও আমরা তরুণরা যে রাজনৈতিক ধারা তৈরীর চেষ্টা করে যাচ্ছি, সেই রাজনৈতিক ধারার অংশ হিসেবে আমরা বলেছি, নতুন একটি সংবিধান প্রয়োজন এবং সে সংবিধানের জন্য আমাদের অবশ্যই গণপরিষদে নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ গঠনে আমাদের নতুন ধারার যে প্রতিজ্ঞা আছে, সে নতুন ধারার অংশ হিসেবে আমরা বলেছি, নানান সংস্কৃতি, নানান ধর্ম সকলের যে আচার-অনুষ্ঠান আছে, সেটাকে উন্মুক্তভাবে সকলকে প্রকাশ করতে দিতে হবে এবং সকলের অংশগ্রহণ থাকবে। সেই সাথে আমাদের মুসলমানদের যে অনুষ্ঠানগুলো আছে, যেই রীতিনীতিগুলো আছে, সেগুলোকে আমরা রাজনৈতিকভাবেও সম্মান করবো।”
এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ইফতার মাহফিলে উপস্থিত থেকে আরো বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনু প্রমুখ।
এনসিপি’র এ ইফতার আয়োজনে বিএনপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এনসিপি’র ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সভাপতি আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, খেলাফত মজলিসের মহানগরের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার সাঈদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য কবি আরিফ বুলবুল, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, নিতাইগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শংকর সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয় কে রায় চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, মহানগরে আহ্বায়ক মাহফুজ খান, ছাত্র শিবিরের মহানগরের সাধারণ সম্পাদক অমিত হাসান প্রমুখ।
আপনার মতামত লিখুন :