

প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানো, মানুষকে উৎসাহিত করা এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার গুরুত্ব তুলে ধরায় দিবসটির মূল উদ্দেশ্য।
বর্তমানে বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৫৮ কোটি ৯০ লাখ। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের একটি বড় অংশ এখনো জানেনই না যে, তাদের ডায়াবেটিস আছে কি না।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, বিশ্বের ১৬০টির বেশি দেশে বিশ্ব ডায়াবেটিস দিবসের কার্যক্রম পরিচালিত হয়। দিবসটি ডায়াবেটিসের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, রোগ নির্ণয় ও নিয়মিত চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করে।
কেন ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়
১৪ নভেম্বর চিকিৎসাবিজ্ঞানী স্যার ফ্রেডরিক ব্যান্টিংয়ের জন্মদিন। তিনি চার্লস বেস্টের সঙ্গে ১৯২২ সালে ইনসুলিন আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডায়াবেটিসের চিকিৎসায় ইনসুলিনের আবিষ্কার ছিল একটি যুগান্তকারী ঘটনা।
১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে বিশ্ব ডায়াবেটিস দিবস চালু করে। পরবর্তী সময়ে ২০০৬ সালে জাতিসংঘের ৬১/২২৫ নম্বর প্রস্তাবের মাধ্যমে দিবসটি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ দিবসের স্বীকৃতি পায়। ২০০৭ সাল থেকে পৃথিবীজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বিশ্বে ডায়াবেটিস পরিস্থিতি কতটা উদ্বেগজনক
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ডায়াবেটিস পরিস্থিতি বেশ উদ্বেগজনক। বিশ্বে প্রায় ৫৮ কোটি ৯০ লাখ মানুষ ডায়াবেটিসকে সঙ্গী করে দিন কাটাচ্ছেন।
আক্রান্তদের প্রতি চারজনের মধ্যে তিনজনের বসবাস নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। ডায়াবেটিসে আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে প্রায় চারজন জানেনই না যে তাদের এই রোগ আছে। বিশ্বে প্রায় ২৫ কোটি ২০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হলেও রোগটি এখনো শনাক্ত হয়নি।
প্রায় ৬৩ কোটি ৫০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে আছেন।
এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করাও জরুরি।
ডায়াবেটিসের ঝুঁকি কমাতে ৭ দিনের খাবারের পরিকল্পনা
টাইপ ৩ ডায়াবেটিস কী, আলঝেইমার নিয়ে নতুন ধারণা
ডায়াবেটিসের লক্ষণ অনেক সময় বোঝা যায় না কেন
বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসের লক্ষণ অনেক সময় মৃদু থাকে। ফলে আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন বুঝতেই পারেন না যে তার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। অনেক ক্ষেত্রে কিডনি, হৃদযন্ত্র, চোখ বা স্নায়ুর জটিলতা দেখা দেওয়ার পর এটি শনাক্ত হয়।
অন্যদিকে, টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রেও ভুল রোগ নির্ণয়ের ঝুঁকি থেকে যায়। প্রাপ্তবয়স্কদের মধ্যে অনেক সময় টাইপ-১ ডায়াবেটিসকে টাইপ-২ ডায়াবেটিস হিসেবে শনাক্ত করা হয়। এতে সঠিক চিকিৎসা শুরু হতে দেরি হতে পারে।
তাই ডায়াবেটিসের সম্ভাব্য লক্ষণ সম্পর্কে জেনে প্রয়োজন অনুযায়ী রক্তে শর্করা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।
‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিই ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর প্রধান লক্ষ্য। এ ছাড়া সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
ডায়াবেটিস প্রতিরোধে কী করা জরুরি?
টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানোর ক্ষেত্রে প্রাথমিক সচেতনতা গুরুত্বপূর্ণ। এ জন্য কিছু বিষয়ে গুরুত্ব দিতে হবে।
স্বাস্থ্যকর খাবার খাওয়া
নিয়মিত শারীরিক পরিশ্রম
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
চিকিৎসকের পরামর্শ নেওয়া
এ ছাড়া স্বাস্থ্যকর খাবার সহজলভ্য করা, শারীরিক কর্মকাণ্ডের উপযোগী নিরাপদ পরিবেশ তৈরি ও প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শুধু রোগ শনাক্ত করাই যথেষ্ট নয়। আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও জরুরি। আইডিএফের তথ্য অনুযায়ী, বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের অর্ধেকেরও বেশি কোনো চিকিৎসা পাচ্ছেন না।
এ ছাড়া ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের প্রতি নেতিবাচক মনোভাব দূর করাও গুরুত্বপূর্ণ। তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। সময়মতো রোগ শনাক্ত ও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে আক্রান্ত ব্যক্তিরাও সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
আপনার মতামত লিখুন :