

কুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে এক রাতেই ৩৫১ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ ছাড়া গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানে ২৯ অক্টোবর পর্যন্ত সর্বমোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং বাকি ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশও (ডিবি) অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরীসহ জেলার প্রতিটি থানা এলাকার যেসব স্থানে উঠতি বয়সি বখাটেদের উৎপাত রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। এক রাতের অভিযানে আটক হওয়া ৩৫১ জনের মধ্যে অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, উঠতি বয়সি কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধ করতেই নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :