টাকা-মোবাইল ছিনিয়ে নিয়ে পুলিশ পরিদর্শকে চাপাতির কোপ


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ১:৪২ অপরাহ্ন / ১০০০ Views
টাকা-মোবাইল ছিনিয়ে নিয়ে পুলিশ পরিদর্শকে চাপাতির কোপ

খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের হামলায় শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। অভিযোগ, তিন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর আঘাত করে পালিয়ে যায়।

 

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে খুলনার দুটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

আহত শাহ আলম খুলনা জেলার ‘এ’ সার্কেল কার্যালয়ে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত।

 

পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন শাহ আলম। পথে কলেজিয়েট স্কুলের সামনে তিন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর আঘাত করে পালিয়ে যায় তারা। পরে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিমের সহায়তায় আহত পুলিশ পরিদর্শককে উদ্ধার করা হয়।

 

huzur

বলাৎকারের অভিযোগে শিক্ষক অবরুদ্ধ, উদ্ধারে গিয়ে ওসিসহ ৩ পুলিশ আহত

আহত শাহ আলমকে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৪টা ১৫ মিনিটে হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

 

তার দুই হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে পুলিশের সরকারি অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার উদ্দেশে নেওয়া হয়।

 

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।