নারায়ণগঞ্জে ১২০ কেজি মা ইলিশ জব্দ, চার মাছ বিক্রেতাকে জরিমানা


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে ১২০ কেজি মা ইলিশ জব্দ, চার মাছ বিক্রেতাকে জরিমানা

নারায়ণগঞ্জে ১২০ কেজি মা ইলিশ জব্দ, চার মাছ বিক্রেতাকে জরিমানা

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মাছের আড়ত ও বাজারে অভিযান চালিয়ে ১২০ কেজি মা ইলিশ ও নিষিদ্ধ ঘোষিত ১১ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এ সময় মা ইলিশ ও পিরানহা মাছ বিক্রির দায়ে চারজনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) শহ‌রের খানপুর বাজার ও তল্লার ভাই ভাই বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে মো. নজরুল ইসলামকে ২ হাজার টাকা এবং মো. লিটন মিয়া, মো. আলাউদ্দিন ও মো. নূর ইসলামকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

 

জব্দকৃত মাছ পরবর্তী‌তে এতিমখানায় বিতরণ করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।

 

জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের সার্বিক নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. নওশের আলীসহ সদর উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

মৎস্য দপ্তর জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।