

মাদক থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হবার আহ্বান
নারায়ণগঞ্জের বন্দরে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বন্দর উপজেলার বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, মাদক শুধু ব্যক্তির জীবনই ধ্বংস করে না, পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হতে হবে।
আলোচনায় বক্তারা মাদকাসক্তির কারণে শারীরিক ও মানসিক ক্ষতি, শিক্ষাজীবনে এর নেতিবাচক প্রভাব এবং মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজের এডহক কমিটির সভাপতি মাজহারুল আলম খান পাভেল, অভিভাবক সদস্য মেহেদী হাসান সজীব, অধ্যক্ষ আজিজুর রহমান, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর ইসলাম জাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর কাইয়ূম খান, বন্দর গার্লস স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের কর্মকর্তারা এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :