জুলাই গণ-অভ্যুত্থান দিবসে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন / ১০০০
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস আগামী ৫ আগস্ট উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব ফোর্সেস। সংস্থাটি জানিয়েছে, সম্ভাব্য নাশকতা, উগ্রবাদী তৎপরতা, নিষিদ্ধ সংগঠনের অপচেষ্টা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে পরিকল্পনা গ্রহণ করেছে। গোয়েন্দা নজরদারি জোরদার, আগাম তথ্য সংগ্রহ, অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে

র‌্যাব জানায়, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটে সাদা পোশাকে নজরদারি, প্রতিটি জেলায় স্মৃতিস্তম্ভ ও অনুষ্ঠানস্থলে নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে।

 

র‌্যাব ফোর্সেস বলেছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে।।