

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়ন, জনসেবার মান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সব কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় জেলা সফরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
এর আগে সার্কিট হাউসে পৌঁছালে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ও অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারের সঙ্গে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। মাঠপর্যায়ের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও জনসেবার মানোন্নয়নে সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় বিভাগীয় কমিশনারকে অবহিত করেন। তিনি বলেন, বিভাগীয় কমিশনারের দিকনির্দেশনা অনুযায়ী জেলার সব সরকারি দপ্তর আরও গতিশীলভাবে কাজ করবে।
জানা গেছে, জেলা সফরকালে বিভাগীয় কমিশনার জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শন করবেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলিনুর খান, অতিরিক্ত জেলা প্রশাসক রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :