রূপগঞ্জে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে সক্রিয় ইউএনও


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ২:৪৩ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে সক্রিয় ইউএনও

রূপগঞ্জ উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকে মাদক, ভূমিদস্যুতা ও ভেজালবিরোধী অভিযান জোরদার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। উপজেলা প্রশাসনের তথ্য মতে, গত দুই মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪৫ জন মাদক কারবারি ও মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার কমতে শুরু করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউএনও সাইফুল ইসলাম মাদক কারবারি, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি জমি দখল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান বলেন, তরুণ সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত দুই মাসে ১৪৫ জন মাদক কারবারি ও মাদকসেবীকে সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

 

গজারিয়াপাড়া এলাকার বাসিন্দা রহিমা বেগম বলেন, আগে এলাকায় মাদকের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছিল। সাম্প্রতিক অভিযানের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তিনি মনে করছেন।

 

স্থানীয় বাসিন্দা অন্ধ জুয়েল মিয়া ও রাহেলা খাতুনের দাবি, ইউএনও সাইফুল ইসলাম প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসা ও আর্থিক সহায়তায়ও ভূমিকা রাখছেন।

 

সেবা নিতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা পরিষদে সেবা গ্রহণে আগের তুলনায় স্বচ্ছতা বেড়েছে এবং দালালচক্রের প্রভাব কমেছে বলে তারা মনে করছেন।