আড়াইহাজারে জমি বিরোধে প্রতিপক্ষের মারধরে নিহত একজন


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ২:৪০ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে জমি বিরোধে প্রতিপক্ষের মারধরে নিহত একজন

আড়াইহাজারে জমি বিরোধে প্রতিপক্ষের মারধরে নিহত একজন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাজহারুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাজহারুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।

 

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের দাবি, একই এলাকার হযরত আলীর ছেলে পারভেজ (৩৫), বকুল (৪০), সোহেল (৩০), হানিফ (৩৩) এবং নুরুল ইসলাম ভান্ডারী (৬০)সহ কয়েকজনের সঙ্গে মাজহারুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

 

নিহতের ছেলে তরিকুল অভিযোগ করেন, সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন তার বাবাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং গলা চেপে ধরেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।