বন্যাদুর্গত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামীর আর্থিক সহায়তা


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন / ১০০০
বন্যাদুর্গত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামীর আর্থিক সহায়তা

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করেছে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন।

 

রোববার সকাল ৮টা থেকে মাগরিব পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ সহায়তা পৌঁছে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। অনেক মাটির ঘর ধসে পড়েছে। বন্যায় বহু পরিবার খাট, আলমারি, ফ্রিজ, জামাকাপড়সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়েছে। দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা অনেক পরিবারের সংসার মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

 

সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাঁশখালীর ৭ নম্বর ওয়ার্ডের জলদী (মির্জির তলা), ৬ নম্বর ওয়ার্ডের হারুন বাজার ও কাতারিয়া, ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া (গুনাপাড়া) ও হুজিত্যাপাড়া, ৪ নম্বর ওয়ার্ডের কাতারিয়ার বেড়িবাঁধ এলাকা এবং বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইলশা এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ সহায়তা বিতরণ করা হয়। এছাড়া বন্যার পানিতে নিহত এক ব্যক্তির পরিবারকেও আর্থিক সহায়তা দেওয়া হয়।

 

সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, সহায়তা পৌঁছে দিতে কখনো সিএনজিযোগে, কখনো কাদামাটি পেরিয়ে এবং কখনো দীর্ঘ পথ হেঁটে দুর্গত মানুষের বাড়িতে যেতে হয়েছে। এ সময় তারা ক্ষতিগ্রস্ত মানুষের ভাঙা ঘরবাড়ি ও দুর্দশাগ্রস্ত জীবনযাত্রা প্রত্যক্ষ করেন।

 

আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশ-বিদেশের দাতাদের সহযোগিতায় সীমিত সামর্থ্যের মধ্যেও প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের হাতে অনুদান পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এ জন্য কাশীপুর, নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশে অবস্থানরত সব দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. জুলহাস ও সদস্য মো. উমাম।

 

সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।