

নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট চারটি দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন।
রোববার (১৯ জুলাই) দুপুরে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেয়। প্রতিনিধি দলে ছিলেন ভবানী শংকর রায়, হাফিজুল ইসলাম, আবু নাঈম খান বিপ্লব ও ধীমান সাহা জুয়েল।
স্মারকলিপিতে সংগঠনটির চারটি দাবি হলো রেললাইন ধরে চাষাঢ়া মহিলা কলেজসংলগ্ন সড়কের দক্ষিণাংশ দেওভোগ সিটি পার্ক এলাকা থেকে নির্মাণ, ১ নম্বর রেলগেট এলাকার রেলওয়ের জায়গায় খেলার মাঠ স্থাপন, খানপুর কনটেইনার পোর্ট নির্মাণ বন্ধে দ্রুত পদক্ষেপ এবং চীনের সহায়তায় নির্মিতব্য হাসপাতালের তালিকায় নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা।
স্মারকলিপিতে বলা হয়, দুই নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত রেললাইনসংলগ্ন যে সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, সেটির দক্ষিণ প্রান্ত দেওভোগ নগরপার্কসংলগ্ন কাটা কাপড় মার্কেট এলাকা থেকে শুরু করা হলে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে শহরের প্রধান সড়কের ওপর চাপ কমবে।
এ ছাড়া ১ নম্বর রেলগেট এলাকায় রেলওয়ের জমিতে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের পরিবর্তে খেলার মাঠ ও উন্মুক্ত স্থান তৈরির দাবি জানানো হয়। সংগঠনটির মতে, শহরে খেলার মাঠের সংকট রয়েছে। তাই জায়গাটি শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা প্রয়োজন।
খানপুরে প্রস্তাবিত কনটেইনার পোর্ট প্রকল্পের বিরোধিতা করে স্মারকলিপিতে বলা হয়, প্রকল্পটি শহরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই দ্রুত প্রকল্পটি বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া চীনের সহায়তায় দেশে নির্মিতব্য ২০টি হাসপাতালের মধ্যে একটি নারায়ণগঞ্জে স্থাপনের দাবিও জানায় সংগঠনটি।
স্মারকলিপি গ্রহণ করে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন দাবিগুলোকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় ভূমিকা রাখা
র আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :