সিদ্ধিরগঞ্জে নারীসহ তিনজনের ওপর হামলার অভিযোগ


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৫:২৪ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে নারীসহ তিনজনের ওপর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পূর্ব কলাবাগ এলাকায় চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক নারীসহ তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় বসতবাড়ির টিনের বেড়া ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

 

এ ঘটনায় ভুক্তভোগী শামীমা বেগম (৫৪) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব কলাবাগ এলাকার আব্দুর রশিদ, রাসেল, জুয়েল, মহিউদ্দিন, সাকিব, রোহন, ফেরদৌস, রাশিদা বেগম, তামান্না বেগম, বেবি বেগম, টিনি বেগমসহ আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

 

অভিযোগে শামীমা বেগম উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাদের বাড়ির চলাচলের রাস্তা ব্যবহার নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। সম্প্রতি তিনি নিজের বাড়ির পুরোনো টিনের বেড়া সংস্কারের কাজ শুরু করলে অভিযুক্তরা ক্ষুব্ধ হন।

 

অভিযোগ অনুযায়ী, গত ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা লাঠিসোঁটা, দা, বটি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় শামীমা বেগমকে মারধর করা হয়। প্রধান অভিযুক্ত আব্দুর রশিদ লোহার রড দিয়ে তার ডান হাত ও ডান পায়ে আঘাত করে গুরুতর জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার দেবর নূরুল আমিন (৫২)-কেও মারধর করা হয়। এছাড়া নূরুল আমিনের ছেলে মাহমুদুল হাসান জিসান (১৮)-এর গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছেন শামীমা বেগম।

 

অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে মহিউদ্দিন শামীমা বেগমকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করেন। অন্যরা বসতবাড়ির টিনের বেড়া ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি করেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশসহ আরও বড় ধরনের ক্ষতির হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।