

যুব সমাজের উদ্যোগে সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র্যালি
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ৯ নম্বর ওয়ার্ডের আনন্দ বাজার এলাকায় যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) জুমার নামাজের পর আনন্দ বাজার বাইতুল কারীম জামে মসজিদে নামাজ আদায় শেষে মুসল্লিরা মসজিদের সামনেই মানববন্ধনে অংশ নেন। পরে মানববন্ধন শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি আনন্দ বাজার পর্যন্ত গিয়ে পুনরায় বাইতুল কারীম জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা ‘মাদক ছাড়ো, নয়তো আনন্দ বাজার ছাড়ো’ স্লোগান দেন। মানববন্ধনে যুব সমাজ ও স্থানীয়রা মাদকের বিস্তার রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় স্থানীয় কয়েকজনকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিল্লাল নামে এক ব্যক্তিকে কেন্দ্র করে কয়েকজনের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগে বিল্লালের ছোট ভাই ইয়াসিন, ভাগিনা আনিছ, বড় বোন জয়নব, ছোট বোন তানিয়া ও মা গোলবাহারের নাম উঠে এসেছে।
অন্যদিকে, মাদকের বিরুদ্ধে কথা বলায় ওসমান, পারভেজ, স্বপন ও কাউছার নামে কয়েকজনকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। অভিযোগকারীদের দাবি, তাদের ‘মাথা কেটে ফুটবল খেলার’ মতো ভয়াবহ হুমকিও দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে দাবি স্থানীয়দের। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। তারা আনন্দ বাজার এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
আপনার মতামত লিখুন :