

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রেললাইন সংলগ্ন কোটপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক তার থেকে বিকট শব্দ শোনার পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির মালিক রাশেদা বেগমের বসতবাড়ির পাঁচটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক রাশেদা বেগম বলেন, স্বামী মারা যাওয়ার পর ঘরগুলোর ভাড়ার টাকায় সন্তানদের নিয়ে সংসার চালান তিনি। অগ্নিকাণ্ডে ভাড়াটিয়াদের মালামালসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বন্দর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সঞ্চয় খান জানান, আগুনে বসতবাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রায় ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :