

ইয়াবা ব্যবসায় অতি মুনাফার প্রলোভন, রাজি না হওয়ায় প্রবাসীকে মারধর ও টাকা-ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবুর বিরুদ্ধে!
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় ইয়াবা ব্যবসায় অতি মুনাফার প্রলোভন দেখিয়ে এক মালয়েশিয়া প্রবাসীকে ডেকে এনে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী তানিয়া আক্তার।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, তানিয়া আক্তারের স্বামী রফিকুল ইসলাম দীর্ঘদিন মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে গত বছরের ২৭ ডিসেম্বর দেশে ফিরে চিকিৎসা নেওয়ার পর তিনি দেশে থেকেই ব্যবসা করার সিদ্ধান্ত নেন।
অভিযোগ অনুযায়ী, পূর্বপরিচয়ের সূত্র ধরে নাজমুল হাসান বাবু রফিকুল ইসলামকে ইয়াবা ব্যবসায় অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগের প্রস্তাব দেন। স্থানীয়ভাবে অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ থাকায় প্রথমে তিনি রাজি হননি। পরে বিভিন্নভাবে আশ্বস্ত করায় ব্যবসার বিষয়ে আলোচনায় সম্মত হন।
অভিযোগে আরও বলা হয়, গত ২৮ জুন রাত আনুমানিক ১০টার দিকে ব্যবসার বিষয়ে কথা বলার কথা বলে রফিকুল ইসলামকে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছালে নাজমুল হাসান বাবু ও তার সহযোগীরা তাকে মারধর করেন এবং তার কাছ থেকে নগদ ৩৮ হাজার টাকা ও প্রায় ৪০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন জোরপূর্বক ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া, ঘটনাটি কাউকে জানালে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এরপরও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত নাজমুল হাসান বাবুর বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :