সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ


Saimoon Islam প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ২:৫৯ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

 

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল মিয়া (৫৫) নামে এক মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

 

বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার বৈদ্যর বাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

 

নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে।

 

পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্টরা লাশ হাসপাতালে রেখে কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

 

নিহত ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম জানান, তার স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। ঈদের পরদিন তিনি স্বামীর জন্য খাবার দিয়ে যান। বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখতে পান তার স্বামী মৃত অবস্থায় পড়ে আছেন।

 

তার অভিযোগ, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনের কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনার পর পুলিশ নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।