
ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১। এর আগে গতকাল রাত পৌনে ৪টার দিকে ফতুল্লার পাগলা ইসলামিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- মিসাইল আহম্মেদ (২৮)। তিনি ফতুল্লা থানার পাগলা ইসলামিয়া বাজার এলাকার মো. মজনু আহম্মেদের ছেলে।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা মাদক মামলার এই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার বিচার শেষে নারায়ণগঞ্জের স্পেশাল জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে শনিবার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :