
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক তিনটি অভিযানে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে ) বিকেলে ও রাত সাড়ে ১১ টার দিকে এবং বুধবার (৬ মে) ভোর পৌনে ৬ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানস্থলগুলো হলো—গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকার একটি অটো গ্যারেজের সামনে, কদমতলী এলাকার এম ডব্লিউ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ক্যানেলপাড় পাকা রাস্তা এবং ১০নং ওয়ার্ডের চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের সামনে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মুনসুরুল আজম রাসেল (২৮), আমজাদ হোসেন (৩০), নাজিম উদ্দিন (৫৫) ও ইকবাল হোসেন (৪০)। তারা সবাই সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :