কক্সবাজারে ঝাউবন উজাড়ের বিরোধিতা করায় আটক ছাত্র ইউনিয়ন নেতার মুক্তি দাবি


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন / ১০০০
কক্সবাজারে ঝাউবন উজাড়ের বিরোধিতা করায় আটক ছাত্র ইউনিয়ন নেতার মুক্তি দাবি

কক্সবাজারে পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে ঝাউবন উজাড়ের বিরোধিতা এবং আন্দোলন সংগঠিত করায় আটক হওয়া ছাত্র ইউনিয়নের কক্সবাজার জেলা সংসদের সদস্য রাফায়েত উল্লাহ রোহানের নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি।

বুধবার (১৮ নভেম্বর) ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে তার মুক্তি দাবি করেন।

 

নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের সরকার ২৫ কোটি বৃক্ষরোপনের ঘোষণা দিয়ে কক্সবাজারে ঝাঊবন উজাড়ের পাঁয়তারা করছে। কক্সবাজারের শহরের পরিবেশপ্রেমী, বিবেকবান মানুষ সরকারের এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছে। কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা এই আন্দোলন সফল করতে সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তারা বলেন, আন্দোলন নস্যাৎ করতেই ছাত্রনেতা রোহানকে নিজ বাসভবন থেকে সাদা পোশাকে তুলে নিয়ে গেছে পুলিশ। স্বৈরাচারী কায়দায় হামলা-মামলা, জেল-জুলুমের ভয় দেখিয়ে সরকার পরিবেশবাদী এই আন্দোলন দমন করতে চায়। তারেক রহমান জলবায়ু সম্মেলনের যোগ দিয়ে পরিবেশ রক্ষার কথা বলছেন। আর তার অনুগতরা কক্সবাজারে ঝাউবন উজাড়ে জোর প্রচেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে তারা আরও বলেন, পুরানো স্বৈরাচারী কায়দায় হামলা-মামলা, জেল-জুলুমের ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না। অনতিবিলম্বে ছাত্রনেতা রাফায়েত উল্লাহ রোহানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ঝাউবন রক্ষা আন্দোলনে জড়িতদের হয়রানি বন্ধ করে পরিবেশ বিধ্বংসী সিদ্ধান্ত বাতিল করতে হবে