সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে স্টাফ বাসে আগুন


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ২:১০ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে স্টাফ বাসে আগুন

সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে স্টাফ বাসে আগুন

 

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি স্টাফ বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে বাসটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় হাইওয়ে রোডে মো. লতিফের বাস গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন সড়কের পাশে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি স্টাফ বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) পার্ক করা ছিল। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

 

আগুনে বাসটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। বাসটির মালিক লোকমান মামুন, তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। বাসটির নিয়মিত চালক ছিলেন মামুন নামে এক ব্যক্তি। বাসটি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে।

 

ঘটনার পর পুলিশের বেতার যোগাযোগে তৎপরতা বেড়ে যায়। সকাল ৭টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মোটরসাইকেল আরোহীদের আটকের নির্দেশ দিতে শোনা যায়। সন্দেহভাজন মোটরসাইকেল দেখামাত্র থামিয়ে তল্লাশি ও আটকের নির্দেশনা দেওয়া হচ্ছিল।

 

এ সময় দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সারারাত কোনো খবর নাই, ঘটনার পরে এখন সজাগ হইছে কন্ট্রোল রুম।’

 

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাসটি বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।