

গত মাসের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালেও এখনো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তার সরকার দায়িত্ব পালন করবে। তবে বিরোধী দলগুলো জোট গঠনে হিমশিম খাওয়ায় এ প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে।
রাজনৈতিকভাবে দুর্বল অবস্থানে থাকলেও ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন নেতানিয়াহু বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সামরিক বাহিনী এবং পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোটের আগ্রহ কম।
প্রশ্ন উঠেছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নেতানিয়াহুর কি ইসরায়েলকে আবারও যুদ্ধে জড়ানোর আইনি ক্ষমতা রয়েছে? এমন সিদ্ধান্ত নিলে দেশের ভেতরে এর প্রতিক্রিয়াই বা কেমন হবে?
তত্ত্বাবধায়ক সরকার কি সামরিক অভিযান চালাতে পারে?
আইনগতভাবে ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা নিয়মিত সরকারের মতোই। দেশটির মৌলিক আইনের ৩০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকার আগের মতোই দায়িত্ব পালন করতে পারে।
তবে ইসরায়েলের সুপ্রিম কোর্ট অতীতে রায় দিয়েছেন, বিদায়ী সরকারের এমন কোনো অপরিবর্তনীয় নীতিগত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত, যা জরুরি নয়। এই নীতি ‘ডিউটি অব রেস্ট্রেইন্ট’ বা সংযমের দায়িত্ব হিসেবে পরিচিত।
লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং ‘ইসরায়েলস অকুপেশন’ বইয়ের লেখক নেভে গর্ডন আলজাজিরাকে বলেন, বাস্তবে নেতানিয়াহু তার তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন নিয়ে সামরিক অভিযান শুরু করতে পারেন। তিনি বিষয়টিকে ‘জরুরি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট’ বলে উপস্থাপন করতে পারেন।
তেল আবিবভিত্তিক তাকলিথ ইনস্টিটিউটের গবেষক ওর আশের বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো সাধারণত তত্ত্বাবধায়ক সরকারের সংযমের দায়িত্বের সবচেয়ে স্পষ্ট ব্যতিক্রম।
তিনি বলেন, ‘যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তে ইসরায়েলের সুপ্রিম কোর্ট ঐতিহাসিকভাবে হস্তক্ষেপ করা থেকে বিরত থেকেছে। নতুন নেসেট (পার্লামেন্ট) অধিবেশন শুরু হওয়ার পর এবং এর কমিটিগুলো গঠিত হওয়ার আগের কয়েক সপ্তাহে সংসদীয় তদারকি সবচেয়ে দুর্বল থাকে।’
আশেরের ভাষায়, ‘একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আইনগতভাবেই ইসরায়েলকে যুদ্ধে নিতে পারেন, এমনকি ইরানের বিরুদ্ধেও।’
ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক ও বিশ্লেষক ইহাব জাবারিন আলজাজিরাকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মর্যাদার কারণে এমন সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিকভাবে আরও বেশি জবাবদিহির প্রয়োজন হবে।
তিনি বলেন, ‘নেতানিয়াহুকে এমন একটি সিদ্ধান্তের পরিণতি মেনে নিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানাতে হবে, যার প্রভাব তার সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যেতে পারে।’
ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু?
বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ইরানে হামলার প্রস্তুতি জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএন জানায়, ‘নিরাপত্তা মন্ত্রিসভার দেওয়া নির্দেশনা এমন সামরিক কর্মকাণ্ডের দিকে নিয়ে যেতে পারে, যা যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।’
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ জানায়, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার ফোন করেছেন নেতানিয়াহু। অন্তত একবার তাঁদের কথোপকথন উত্তপ্ত হয়ে উঠেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার কেএএনের এক প্রতিবেদনে এক মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, সম্ভাব্য নতুন সংঘাতের জন্য প্রস্তুত থাকতে ইসরায়েলকে জানিয়েছে ওয়াশিংটন। তবে পরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আলজাজিরাকে জানায়, এ ধরনের খবর ‘নিছক জল্পনা’।
অন্যদিকে, ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির সামরিক নেতৃত্ব ইরানে হামলার কোনো জরুরি প্রয়োজন দেখছে না। বুধবার এক ব্রিফিংয়ে এ মূল্যায়ন নেতানিয়াহু এবং পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোটকে জানানো হয়েছে।
ইসরায়েলের বিরোধী দলগুলো জরুরি প্রয়োজন ছাড়া নেতানিয়াহুকে কোনো সামরিক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিরোধী জোটের সদস্য ও ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান বলেন, নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যা সংসদীয় তদারকি এবং সব নিরাপত্তা কর্মকর্তার পূর্ণ সম্মতি ছাড়া ইসরায়েলকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।
আপনার মতামত লিখুন :