

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লেক্সাস বিস্কুটের প্যাকেটের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোছা. আকলিমা (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।
সোমবার (২ নভেম্বর) সকালে এসআরবি-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আকলিমা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাশীরামপুর গ্রামের রাজেশ সিকদারের স্ত্রী।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনারগাঁয়ের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে আভিযানিক দল। এ সময় তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। সাধারণ যাত্রীর বেশে থাকা আকলিমার আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেট খুলে তল্লাশি করে ভেতরে লুকিয়ে রাখা ৪ দশমিক ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, গ্রেপ্তার আকলিমা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় নিয়ে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার আকলিমার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :