বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নির্বাচন ১১ জানুয়ারি


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন / ১০০০ Views
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নির্বাচন ১১ জানুয়ারি

বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের ২০২৭–২০২৯ মেয়াদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নির্বাচন বোর্ড ঘোষিত তফসিলে এ তথ্য জানানো হয়। নির্বাচনের মাধ্যমে ১৫ জন পরিচালক এবং সভাপতি, জেনারেল সহসভাপতি ও অ্যাসোসিয়েট সহসভাপতিসহ তিনজন পদাধিকারী নির্বাচিত হবেন।

 

তফসিল অনুযায়ী, ভোটার হওয়ার জন্য সদস্যদের ২০২৭ সাল পর্যন্ত চাঁদা পরিশোধ ও প্রতিনিধির নাম পাঠানোর শেষ সময় ১২ নভেম্বর বিকেল ৪টা। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ২২ নভেম্বর। এ তালিকার বিষয়ে ২৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আপত্তি জানানো যাবে। আপত্তির শুনানি ও নিষ্পত্তি হবে ২৮ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর।

 

মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ৫ থেকে ৭ ডিসেম্বর একই সময়ে। নারায়ণগঞ্জের ৬ সনাতন পাল লেনের হোসিয়ারি ক্লাবে এসব কার্যক্রম চলবে।

 

সভাপতি পদে মনোনয়নপত্রের মূল্য ৭৫ হাজার টাকা, জেনারেল সহসভাপতি পদে ৬০ হাজার, অ্যাসোসিয়েট সহসভাপতি পদে ৫০ হাজার এবং পরিচালক পদে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত মনোনয়নপত্রের মূল্য ২ হাজার টাকা। বাধ্যতামূলকভাবে এক সেট ভোটার তালিকা সংগ্রহের জন্য দিতে হবে আরও ৩ হাজার টাকা।

 

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৬ ডিসেম্বর পর্যন্ত আপত্তি দাখিল করা যাবে। আপত্তির শুনানি ও নিষ্পত্তি হবে ১৯ ডিসেম্বর। বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২১ ডিসেম্বর।

 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ ডিসেম্বর দুপুর ১২টা। একই দিন বিকেল ৪টায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রত্যাহার করা প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। কোনো পদে প্রার্থীর সংখ্যা নির্বাচিতব্য পদের সমান বা কম হলে সংশ্লিষ্টদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

 

১১ জানুয়ারি ভোট গ্রহণ শেষে কেন্দ্র থেকেই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল নিয়ে আপত্তি থাকলে ১৩ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন আপিল বোর্ডে আবেদন করা যাবে। পরদিন শুনানি ও নিষ্পত্তি শেষে প্রয়োজন হলে সংশোধিত চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন বোর্ড।