

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী ২৮ নভেম্বর পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।
পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে বর্ণাঢ্য ও স্মরণীয় আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
এর আগে কলেজের সাবেক শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম সভায় তাঁকে পুনর্মিলনী আয়োজনের প্রধান উপদেষ্টা করা হয়। একই সভায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি মাসুকুল ইসলাম রাজীবকে আহ্বায়ক করা হয়।
পরবর্তী সভায় সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজিজুল্লাহ, নারায়ণগঞ্জ ড্যাবের সভাপতি ও ইউরোলজিস্ট প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, স্কাউট কমিশনার আরিফ মিহির, সরকারি তোলারাম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান ও অধ্যাপক মো. মইনুল আশরাফ এবং মুড়াপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. মফিজুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, পুনর্মিলনীর মাধ্যমে বিভিন্ন সময়ের প্রাক্তন শিক্ষার্থীরা একই আয়োজনে মিলিত হওয়ার সুযোগ পাবেন। পুরোনো বন্ধুত্ব ও সম্পর্ক পুনরুজ্জীবিত করার পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কলেজের যোগাযোগ ও আত্মিক বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের লক্ষ্য।
অনুষ্ঠানের স্থান, নিবন্ধন প্রক্রিয়া, অংশগ্রহণের নিয়ম ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে সরকারি তোলারাম কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
আপনার মতামত লিখুন :