

চাষাঢ়ার সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সুমাইয়া বিরিয়ানি হাউজ থেকে আনা মোরগ পোলাও খাওয়ার পর আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অন্তত ১৪ থেকে ১৫ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে খাবার খাওয়ার পর তাঁদের জ্বর, বমি, পাতলা পায়খানা ও শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। অসুস্থদের মধ্যে রয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও। গত দুই দিন ধরে অসুস্থতার কারণে অনেক শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবল দেবনাথ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সতর্কবার্তায় তদন্ত না হওয়া পর্যন্ত ওই দোকানের খাবার গ্রহণে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
তাঁর দাবি, খাবার খেয়ে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যরাও অসুস্থ হয়েছেন।
সুবল দেবনাথ বলেন, কিছুদিন আগে তিনি বড় অঙ্কের বকেয়া টাকা পেয়েছিলেন। এ কারণে সহকর্মীদের কয়েকজন তাঁর কাছে খাবারের আবদার করেন। তাঁদের জন্য গত রোববার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের জন্য ৫০ প্যাকেট মোরগ পোলাও কেনা হয়। চাষাঢ়ার বাগে জান্নাত মসজিদ-সংলগ্ন সুমাইয়া বিরিয়ানি হাউজ থেকে খাবারগুলো কিনে আনেন বিদ্যালয়ের অফিস সহায়ক ইসমাইল।
সুবল দেবনাথ বলেন, ‘খাবার খাওয়ার পর প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছেন। আমার স্ত্রী, এমনকি আমার বাচ্চাও অসুস্থ হয়েছে। ভাগ্যক্রমে আমি অসুস্থ হইনি। আমার পক্ষ থেকে সবাইকে ট্রিট দিয়ে এখন সবাই অসুস্থ। এতে আমি গিল্টি ফিল করছি। উপায় না দেখে বিষয়টি ফেসবুকে সতর্কবার্তা হিসেবে দিয়েছি।’
তিনি জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ১৪ থেকে ১৫ জন অসুস্থ হয়েছেন। গত দুই দিন ধরে অনেক শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। মঙ্গলবার দিবা শাখায় ২৫ জন শিক্ষকের মধ্যে মাত্র সাতজন উপস্থিত ছিলেন।
অসুস্থ শিক্ষকদের মধ্যে রয়েছেন মোশারফ হোসেন ও তাঁর স্ত্রী, আলমগীর কবির, রেজাউল হক, আবু সাঈদ আরমান, ফারহানা হাফিজ, আমেনা বেগম ও আজমেরী সুলতানাসহ আরও কয়েকজন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান গাজীর সঙ্গে কথা হলে তিনি অসুস্থতার কারণে ঠিকমতো কথা বলতে পারছিলেন না। তিনি বলেন, ‘অনেকটা মহামারির মতো অবস্থা। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। ফুড পয়জনিং হয়েছে। দিবা শাখার খাবার খেয়েছিলাম বেলা তিনটার দিকে।’
সুবল দেবনাথ বলেন, এ ঘটনায় তিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করবেন।
এদিকে বিদ্যালয়ের অফিস সহায়ক ইসমাইল খাবার খাওয়ার পর অসুস্থতার বিষয়টি জানাতে সুমাইয়া বিরিয়ানি হাউজে গিয়েছিলেন।
তিনি জানান, দোকানের ক্যাশ কাউন্টারে বসা ব্যক্তির কাছে অভিযোগ জানিয়েছেন। ওই ব্যক্তি তাঁকে বলেছেন, এমন হওয়ার কথা নয়। তবে রান্নার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসা করে বিষয়টি খোঁজখবর নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে সুমাইয়া বিরিয়ানি হাউজের ব্যবস্থাপক বাবুল মিয়া বলেন, তাঁদের দোকানের খাবার খেয়ে অসুস্থ হওয়ার কোনো রেকর্ড নেই। বিদ্যালয়ের একজন এসে তাঁকে বিষয়টি জানিয়েছেন। তাঁরা বিষয়টি খোঁজখবর নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।
আপনার মতামত লিখুন :