ফতুল্লা-সোনারগাঁয়ে ৩৫৬ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৪


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন / ১০০০ Views
ফতুল্লা-সোনারগাঁয়ে ৩৫৬ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৪

ফতুল্লা-সোনারগাঁয়ে ৩৫৬ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৪

 

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩৫৬ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালানো হয়।

 

অভিযানে ফতুল্লার আলীগঞ্জের ছালুর ছেলে ইমন হোসেন (২৪), দাপা ইদ্রাকপুরের সহিদ হোসেনের ছেলে আজমীর হোসেন (২৮) ও একই এলাকার মজিবরের ছেলে মো. মিরাজকে (২২) গ্রেপ্তার করা হয়।

 

তাদের কাছ থেকে ১৫৬ পিস ইয়াবাস ট্যাবলেট জব্দ করা হয় বলেও জানিয়েছে পুলিশ।

 

একইদিন রাত নয়টার দিকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের রায়পুর উলুকান্দি এলাকায় চালানো অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তার রুপা বেগম (২১) ওই এলাকার আবুল কালামের কন্যা।

 

এ অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানার এসআই শেখ পারভেজ বিন কামাল চৌধুরী।

 

উভয় অভিযানের পর গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। পরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।