বন্দরে জাল টাকা ও কেমিক্যালসহ চক্রের মূল হোতা গ্রেপ্তার


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন / ১০০০
বন্দরে জাল টাকা ও কেমিক্যালসহ চক্রের মূল হোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরিতে ব্যবহৃত কেমিক্যাল সদৃশ তরল পদার্থসহ মো. সাইফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তাকে জাল টাকা বিক্রির চক্রের মূল হোতা বলে দাবি করেছে র‌্যাব।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বন্দর থানাধীন মদনপুর ছোটবাগ এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল জানতে পারে, ছোটবাগ এলাকার একটি ফ্ল্যাটে এক ব্যক্তি অবৈধভাবে জাল টাকা বিক্রির জন্য অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালালে সাইফুল কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তার সাইফুল বরগুনার বামনা থানার বড় যাদবপুর এলাকার আবদুল আজিজের ছেলে। বর্তমানে তিনি বন্দর থানার মদনপুর ছোটবাগ এলাকায় বসবাস করেন।

 

র‌্যাবের দাবি, পরে ওই বাসায় তল্লাশি চালিয়ে তোষকের নিচ থেকে ৭৮ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত কেমিক্যাল সদৃশ ৪০০ মিলিগ্রাম তরল পদার্থ ভর্তি একটি প্লাস্টিকের বোতল জব্দ করা হয়েছে।

 

র‌্যাব-১১ জানায়, গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আলামতসহ তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে