প্রতি পাঁচ লিটার তেলে ২০০ মিলিলিটার কম, ডিলারকে লাখ টাকা জরিমানা


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন / ১০০০
প্রতি পাঁচ লিটার তেলে ২০০ মিলিলিটার কম, ডিলারকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি পাঁচ লিটার তেলে ২০০ মিলিলিটার কম দেওয়ায় এক তেল ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

 

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার ভাদুঘর মোল্লাবাড়ি মোড় এলাকায় মেসার্স আরেফিস ট্রেডার্সে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

ভোক্তা অধিকার জানায়— প্রতিষ্ঠানটি পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রি করে। অভিযানে তেল পরিমাপে কম দেওয়ার বিষয়টির সত্যতা পাওয়ার পর প্রতিষ্ঠানটির মালিক মুসলিম আহমেদ শাহেদ বিষয়টি স্বীকার করেন। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করায় তাকে সতর্ক করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

 

এছাড়া ভবিষ্যতে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিষ্ঠানটিকে জানানো হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা পণ্য পরিমাপে কারচুপি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ব্যবসায়ীদের সঠিক পরিমাণে পণ্য সরবরাহ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।