

১১ দলীয় ঐক্যের লং মার্চে নারায়ণগঞ্জ থেকে যাবে ৩০০ গাড়ি
১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম অভিমুখে লং মার্চ কর্মসূচিতে নারায়ণগঞ্জ থেকে প্রায় ৩০০ গাড়ি নিয়ে অংশ নেওয়ার কথা জানিয়েছেন মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ‘১১ দলীয় ঐক্য, নারায়ণগঞ্জ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মহানগরীর আমির ও ১১ দলীয় ঐক্যের জেলার সমন্বয়ক মাওলানা আবদুল জব্বার বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আমরা স্বৈরাচারমুক্ত একটি দেশ পেয়েছি। বৈষম্যমুক্ত একটি দেশ চেয়েছিলাম। কিন্তু অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোটের রায় হয়েছিল, তার বাস্তবায়ন হয়নি। এ কারণেই ৫ সেপ্টেম্বরের এই কর্মসূচি।’
তিনি জানান, ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে প্রায় ৩০০ গাড়ি চট্টগ্রামের উদ্দেশে লং মার্চে অংশ নেবে। সকাল ৯টায় চিটাগাং রোডের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে। সেখানে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের কথা তুলে ধরে আবদুল জব্বার বলেন, ‘গত কয়েক মাস ধরে আগের তুলনায় বিদ্যুৎ বিল অতিরিক্ত আসছে বলে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে দেশের সর্বত্র দলীয়করণ বন্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা আশা করছি, ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতারা নারায়ণগঞ্জের পথসভায় উপস্থিত থাকবেন। কর্মসূচিটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।’
১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটসহ জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসন ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে লং মার্চ শুরু হবে। সকাল ৯টায় চিটাগাং রোডের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে পথসভা শেষে লং মার্চের বহর চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে যাবে। সেখানে সমাপনী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
লং মার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশের লেন ব্যবহার করে লং মার্চের বহর চলাচল করায় সাময়িকভাবে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। এ জন্য জনগণের কাছে আগাম দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করেন মাওলানা আবদুল জব্বার।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী, মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আল-আমিন রাকিবসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :