তোলারাম কলেজে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানাল ইসলামী ছাত্র আন্দোলন


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন / ১০০০
তোলারাম কলেজে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানাল ইসলামী ছাত্র আন্দোলন

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তোলারাম কলেজ শাখা।

 

বুধবার (৫ আগস্ট) এক প্রতিবাদ বার্তায় এ নিন্দা জানান সংগঠনটির সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ্ মুহাম্মদ ছগির হোসেন।

 

বিবৃতিতে তিনি বলেন, “আমরা ক্যাম্পাসকে এমন সহিংস দেখতে চাই না। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আমাদের এই প্রিয় ক্যাম্পাসটি দেশের অন্যতম নিরাপদ ও সংঘাতমুক্ত ক্যাম্পাস ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকের এই ঘটনার মাধ্যমে ছাত্রদল ও ছাত্রশিবির আমাদের প্রিয় ক্যাম্পাসকে কলঙ্কিত করেছে।”

 

তিনি আরও বলেন, “প্রতিহিংসার রাজনীতির মাধ্যমে তারা ক্যাম্পাসে সংঘাতের সৃষ্টি করেছে। একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তাক্ত করেছে। যা সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের কারও কাম্য নয়।”

 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তোলারাম কলেজ শাখার নেতারা অবিলম্বে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।