

সোনারগাঁয়ে মোটরসাইকেলে লুকানো ১৯৫৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১,৯৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (১ আগস্ট) রাত ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সের ভেতর বিশেষ কৌশলে লুকানো ১,৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া এলাকার আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর এলাকার সবুজ (২৯)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সোনারগাঁও থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :