

ডেঙ্গু জ্বর ও হাম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নের উদ্যোগে বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে পশ্চিম মাসদাইর খানকার মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মোমিন।
তিনি বলেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া জরুরি। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় সৎ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত না হলে সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও অপরাধ নির্মূল করা সম্ভব নয়। কোনো ধর্মই মানুষকে অন্যায়, অত্যাচার, দুর্নীতি বা রাহাজানির শিক্ষা দেয় না। তাই ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সম্প্রতি মাসদাইর এলাকায় বিকাশ ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. কামরুল হাসান শাকিল।
এ সময় স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করা হয় এবং ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
কর্মসূচিতে হাজি মো. কামাল হোসেন, সেলিম হোসেন বাচ্চু, বায়তুস সালাম জামে মসজিদের ইমাম আবদুল হালিম, সাইফুল ইসলাম সায়েম, সানাউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :