

সিদ্ধিরগঞ্জে যানজট নিরসন ও নিরাপত্তা জোরদারে একাধিক উদ্যোগ এমপি মান্নানের
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সিদ্ধিরগঞ্জে যানজট নিরসন, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একাধিক উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের কাছে পৃথক আবেদনপত্র জমা দিয়েছেন।
সংসদ সদস্যের আবেদনে আদমজী ইপিজেড এলাকায় শ্রমিক-কর্মচারী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দুটি ফুটওভার ব্রিজ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, একটি ইপিজেডের প্রধান ফটক থেকে ডিএনডি খালের শেষপ্রান্ত পর্যন্ত এবং অন্যটি রেমি হোল্ডিংয়ের পাশের পকেট গেট থেকে ডিএনডি খালের শেষপ্রান্ত পর্যন্ত নির্মাণের সুপারিশ করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, আদমজী ইপিজেডে প্রায় ৭৫ হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন। প্রতিদিন কারখানা শুরু ও ছুটির সময়ে বিপুলসংখ্যক মানুষের যাতায়াত এবং পণ্যবাহী যানবাহনের চলাচলের কারণে ইপিজেডের সামনে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। ফুটওভার ব্রিজ নির্মিত হলে পথচারীদের নিরাপদ পারাপারের পাশাপাশি যানজটও উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া পৃথক আরেক আবেদনে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় প্রধান সড়কে একটি ইউটার্ন এবং একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়েছে। আবেদনে বলা হয়েছে, ইউটার্ন না থাকায় অনেক যানবাহন উল্টো পথে চলাচল করে, ফলে প্রায়ই যানজট ও দুর্ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ আহত হওয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার যানবাহনের চলাচলও ব্যাহত হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি সেবা আরও কার্যকর করতে স্বরাষ্ট্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সিদ্ধিরগঞ্জ থানার জন্য জরুরি ভিত্তিতে একটি আধুনিক ডাবল কেবিন (পিকআপ) পুলিশ যানবাহন বরাদ্দেরও আবেদন করেছেন সংসদ সদস্য।
আবেদনে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), অসংখ্য শিল্পকারখানা ও গার্মেন্টস, ১১টি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), বিদ্যুৎকেন্দ্র, গ্যাস স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। প্রায় ৬ থেকে ৭ লাখ মানুষের বসবাসের এ এলাকায় প্রতিদিন ছয়টি দিবাকালীন ও ছয়টি রাত্রীকালীন পুলিশ টহল পরিচালিত হলেও পর্যাপ্ত যানবাহনের অভাবে দ্রুত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
আবেদনে আরও বলা হয়েছে, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ মোকাবিলা, কেপিআই স্থাপনার নিরাপত্তা, মহাসড়কে টহল, বিশেষ অভিযান, ভিআইপি নিরাপত্তা এবং জরুরি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে একটি আধুনিক ডাবল কেবিন পিকআপ অত্যন্ত প্রয়োজন। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিল্পকারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে সম্পৃক্ত।
আপনার মতামত লিখুন :