

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও গুলির খোসা উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি স্পটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক ‘পেন গান’ (কলম পিস্তল) ও একটি গুলির খোসা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
রোববার (১৪ জুন) রাত ১টার দিকে ফতুল্লার নয়ামাটি ভাবির বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
দুপুরে র্যাব-১১-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নয়ামাটি ভাবির বাজার এলাকার একটি মাদক স্পটে অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক স্পটে থাকা কয়েকজন মাদকসেবী ও অপরাধী দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পেন গান ও এর একটি খালি খোসা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও খালি খোসা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার নিশ্চিত করতে র্যাবের এই চলমান অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :