

ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় মো. হানিফ দেওয়ান ওরফে রুবেল (৩৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) ফতুল্লা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকার বাসিন্দা হানিফ দেওয়ানকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া ফতুল্লা থানার এফআইআর নং-২৭, তারিখ ১৪ অক্টোবর ২০২৫ এবং জিআর নং-৪৮০ মামলার এজাহারভুক্ত ২৮ নম্বর আসামি হিসেবে তার নাম রয়েছে। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ১০৯ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেফতারকৃত হানিফ দেওয়ান শাসনগাঁও এলাকার ফরিদ দেওয়ানের ছেলে। স্থানীয়ভাবে তিনি রুবেল নামেও পরিচিত। পুলিশ জানায়, মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে, হানিফ দেওয়ান দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং এ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা অভিযোগ ছিল।
ফতুল্লা থানা পুলিশের এক কর্মকর্তা জানান, মামলার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।
আপনার মতামত লিখুন :