বন্দরে ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জে ‎পানির জন্য হাহাকার, জনজীবন বিপন্ন


Saimoon Islam প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৩:০১ অপরাহ্ন / ১০০০
বন্দরে ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জে ‎পানির জন্য হাহাকার, জনজীবন বিপন্ন

বন্দরে ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জে ‎পানির জন্য হাহাকার, জনজীবন বিপন্ন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ এলাকায় আবারও ভয়াবহ পানি সংকট দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ওয়াসার ডীপ টিউবওয়েল ও মোটর বিকল হয়ে পড়ায় পুরো এলাকাজুড়ে পানির হাহাকার শুরু হয়েছে। প্রাত্যহিক কাজের জন্য এক ফোঁটা পানির আশায় দিগ্বিদিক ছুটছে সাধারণ মানুষ, কিন্তু কোথাও মিলছে না সমাধান।

‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মদনগঞ্জে অবস্থিত ওয়াসার পাম্পটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। মাঝে মাঝে সংস্কার করা হলেও কয়েকদিন যেতে না যেতেই তা আবারও বিকল হয়ে যায়। বর্তমানে ডীপ ও মোটর উভয়ই অকেজো হয়ে থাকায় পুরো ওয়ার্ডের পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। বারবার অভিযোগ করেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‎এলাকার জনৈক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “পানি ছাড়া জীবন চলতে পারে না। বেশ কিছুদিন ধরে আমাদের এলাকায় এক ফোঁটা পানি নেই। সিটি কর্পোরেশন যখন ওয়াসার দায়িত্ব নিল, আমরা ভেবেছিলাম কষ্টের দিন শেষ হবে। কিন্তু এখন দেখছি পরিস্থিতি আরও খারাপ। সমাধান তো দূরের কথা, আমরা এখন খাবার পানিটুকুও পাচ্ছি না।”

‎মদনগঞ্জের বাসিন্দারা জানান, পাম্পটি সচল করার জন্য অনেক চেষ্টা করা হলেও রহস্যজনক কারণে তা ঠিক হচ্ছে না। বারবার মেশিনারিজ বিকল হওয়ার পেছনে কোনো অনিয়ম বা অবহেলা আছে কিনা, তা খতিয়ে দেখার দাবি তুলেছেন তারা। দীর্ঘস্থায়ী এই সমস্যার কারণে রমজানের এই সময়ে এবং গৃহস্থালির কাজ থেকে শুরু করে ওযু-গোসলের ক্ষেত্রেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

‎মদনগঞ্জবাসীর দাবি, এভাবে জোড়াতালি দিয়ে সংস্কার না করে একটি আধুনিক ও শক্তিশালী পাম্প স্থাপন করা হোক। তারা এই মানবিক সংকটের স্থায়ী সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) মহোদয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায়, এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।