অপরাধ দমনে ব্যর্থ ওসি: খোদ পুলিশই যখন হামলার শিকার, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?


Saimoon Islam প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৩:০২ অপরাহ্ন / ১০০০
অপরাধ দমনে ব্যর্থ ওসি: খোদ পুলিশই যখন হামলার শিকার, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

অপরাধ দমনে ব্যর্থ ওসি: খোদ পুলিশই যখন হামলার শিকার, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

 

 

নারায়ণগঞ্জের বন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন যোগদানের পর থেকে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। একের পর এক ছিনতাই, ডাকাতি এবং ‘পুলিশি বাণিজ্য’ নিয়ে জনমনে আগে থেকেই ক্ষোভ ছিল, যার চূড়ান্ত রূপ দেখা গেল গত শুক্রবার রাতে। ছিনতাইকারী ধরতে গিয়ে খোদ পুলিশ সদস্যদের বর্বরোচিত হামলার শিকার হওয়া এবং সরকারি শর্টগান ছিনিয়ে নেওয়ার ঘটনা ওসির প্রশাসনিক ও কৌশলগত ব্যর্থতাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

বন্দরের সচেতন মহলের অভিযোগ, বর্তমান ওসির আমলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা না নিয়ে বরং পুলিশের ‘নিভৃত বাণিজ্যের কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। কলাগাছিয়া ইউনিয়নের ফরাজীকান্দা-মাধবপাশা এলাকা: যেখানে প্রতিনিয়ত পথচারীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। চৌধুরী বাড়ি-রুস্তমপুর ব্রিজ সংলগ্ন এলাকা: যা ঝোপঝাড় ও অন্ধকারাচ্ছন্ন হওয়ার কারণে অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। দাশেঁওগাও-ধামগড় সড়ক: এই দীর্ঘ নির্জন রাস্তায় রাতের বেলায় ছিনতাই ও ডাকাতি চালিয়ে যাচ্ছে। ‘ডেঞ্জার স্পট’গুলো পুলিশের নখদর্পণে থাকলেও সেখানে পর্যাপ্ত টহল বা চেকপোস্ট না থাকাটাই কাল হয়ে দাঁড়িয়েছে। অপরাধীরা এখন এতটাই সাহসী যে, তারা খোদ এএসআই ও কনস্টেবলকে রামদা দিয়ে কুপিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ধৃষ্টতা দেখাচ্ছে।

থানা সংশি¬ষ্ট সূত্র ও ভুক্তভোগীদের দাবি, ওসির যোগদানের পর থেকে বন্দরে অপরাধ দমনের চেয়ে মামলা বাণিজ্য, আসামি ছাড়া-ধরা এবং মাসোহারা বাণিজ্যে পুলিশের মনোযোগ বেশি। মাঠ পর্যায়ে পুলিশের গোয়েন্দা জাল বা সোর্স মেকানিজম ভেঙে পড়েছে। অপরাধীরা যখন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশ তখন রাজনৈতিক প্রভাব বা অনৈতিক সুবিধা নিয়ে ব্যস্ত বলে অভিযোগ সাধারণ মানুষের। ওসির এই ব্যর্থতার কারণেই আজ রক্তাক্ত হতে হলো খোদ পুলিশ সদস্যদের।

পুলিশ যেখানে নিজের অস্ত্র এবং জীবন রক্ষা করতে হিমশিম খাচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা এখন তলানিতে। গত কয়েক সপ্তাহের ছিনতাই-ডাকাতির হিড়িক বন্দরবাসীকে নির্ঘুম রাত কাটাতে বাধ্য করছে। চৌধুরী বাড়ি এলাকায় পুলিশের ওপর এই হামলা প্রমাণ করে যে, বন্দরে এখন আইনের শাসনের চেয়ে অপরাধীদের শাসনই প্রবল।

এলাকার মানুষের দাবি, কেবল চুনোপুঁটি ছিনতাইকারী ধরে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। একজন ব্যর্থ ওসির অধীনে পুলিশ বাহিনীর মনোবলও আজ হুমকির মুখে। অবিলম্বে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিনের পরিবর্তন এবং অপরাধীদের দমনে সাড়াশি অভিযান চালানোর জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করছে বন্দরবাসী।