
নারায়ণগঞ্জে টানা বৃষ্টিতে নৌপথে যাত্রী সংকটে অর্ধেকের বেশি লঞ্চ চলাচল বন্ধ
টানা দুই দিনের বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে নারায়ণগঞ্জের নৌপথে যাত্রী চলাচল। স্বাভাবিক সময়ে যাত্রীদের ভিড়ে মুখর থাকলেও বর্তমানে ফাঁকা পড়ে আছে লঞ্চঘাট, আর নির্ধারিত সময়েও ছাড়তে পারছে না অধিকাংশ লঞ্চ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটে নোঙর করে আছে একাধিক লঞ্চ, কিন্তু নেই তেমন যাত্রী উপস্থিতি। বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হওয়ায় নৌপথে যাত্রী সংকট তীব্র আকার ধারণ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ রুটে প্রতিদিন যেখানে ৮টি লঞ্চ নিয়মিত চলাচল করে, সেখানে গত দুই দিনের টানা বৃষ্টির কারণে বর্তমানে মাত্র ৩ থেকে ৪টি লঞ্চ চলাচল করছে। তাও আবার যাত্রী স্বল্পতার কারণে নির্ধারিত সময় মেনে চলাচল সম্ভব হচ্ছে না।
লঞ্চ মালিকরা জানান, সাধারণত সকাল থেকেই যাত্রীদের ভিড় শুরু হয়। কিন্তু আজ সকাল থেকে ঘাটে লঞ্চ ভিড়িয়ে অপেক্ষা করলেও পর্যাপ্ত যাত্রী না থাকায় নির্ধারিত সময়ে লঞ্চ ছেড়ে দেওয়া সম্ভব হয়নি। অনেক লঞ্চ ঘণ্টার পর ঘণ্টা যাত্রীর অপেক্ষায় ঘাটে বসে রয়েছে।
যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতায়াত করছেন না। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও দিনমজুর শ্রেণির যাত্রীরা বৃষ্টির দিনে নৌপথ এড়িয়ে চলছেন। ফলে ঘাটে যাত্রী সংকট আরও প্রকট হয়ে উঠেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ নদী বন্দরে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ শাহ আলম মিয়া জানান, টানা বৃষ্টির কারণে যাত্রী চলাচল কমে গেছে, যার প্রভাব পড়েছে লঞ্চ চলাচলেও। যাত্রী কম থাকায় অনেক লঞ্চই ট্রিপ বাতিল করতে বাধ্য হচ্ছে। এছাড়া আবহাওয়ার কারণে নদীপথে চলাচলেও কিছুটা সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :