
নারায়ণগঞ্জ-০৪ আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। বিএনপি সারাদেশে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করলেও কৌশলগতভাবে এ আসনটি এখনো শূন্য রাখা হয়েছে। ফলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমী। ২০১৮ সালে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা এই আলেম এবারও জোট থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
৩০০ আসনের মধ্যে বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। তবে কৌশলগত বিবেচনায় বাকি ৬৭টি আসনে এখনো প্রার্থী ঘোষণা দেওয়া হয়নি।
তথ্যমতে, এ আসনে বিএনপি জোটের ভেতরে সবচেয়ে বেশি আলোচিত নাম মুফতি মনির হোসেন কাসেমী। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে বিএনপি জোটের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। সেই সময় মাঠে তার সক্রিয়তা, সংগঠন পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা তেমন না থাকলেও জোটগত বিবেচনায় আবারও তিনিই মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা এনে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে এবারের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বৈপ্লবিক পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। তাদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী
জোটের হলেও প্রার্থীকে তার নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে।
অর্থাৎ, বিএনপি জোট যদি মুফতি মনির হোসেন কাসেমীকে মনোনয়ন দেয়, তবে তাকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতীক ‘খেজুর গাছ’ নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
এদিকে এর আগে ‘যুগের চিন্তা’কে দেওয়া এক সাক্ষাৎকারে কাসেমী বলেছিলেন, তিনি ধানের শীষ ছাড়া অন্য প্রতীকে নির্বাচন করতে চান না। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন।
সম্প্রতি ‘যুগের চিন্তা’র সাথে কথোপকথনে তিনি বলেন,
“বিএনপি যদি আমাকে জোট থেকে মনোনয়ন দেয়, তবে আমি খেজুর গাছ প্রতীকেই নির্বাচন করতে প্রস্তুত আছি। এতে আমার কোনো আপত্তি নেই।”
তিনি আরও স্পষ্ট করে বলেন,
“বিএনপি যদি আমাকে মনোনীত না করে, তাহলে আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করবো না। বিএনপি ছাড়া আমি নির্বাচনে থাকবো না।”
রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মতে, তার বক্তব্য অত্যন্ত স্পষ্ট
মুফতি মনির হোসেন কাসেমীর পুরো নির্বাচনী অবস্থান এখন বিএনপির মনোনয়ন নির্ভর।
এদিকে মাঠের রাজনীতিতে তার সমর্থকরা নির্বাচনী প্রস্তুতি জোরদার করলেও, বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নারায়ণগঞ্জ-০৪ আসনের রাজনৈতিক সমীকরণ এখনও অনিশ্চিত। ভোটাররাও অপেক্ষা করছেন
শেষ পর্যন্ত এ আসনে কার হাতেই ওঠে জোটের প্রতীক বা খেজুর গাছ মার্কার লড়াই।
আপনার মতামত লিখুন :