বন্দরে মদনপুর-মদনগঞ্জ সড়কের খানাখন্দে মালবাহী ট্রাক আটকে যান চলাচল বন্ধ


thenewsexpress24 প্রকাশের সময় : মে ১৮, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন / ১০০০
বন্দরে মদনপুর-মদনগঞ্জ সড়কের খানাখন্দে মালবাহী ট্রাক আটকে যান চলাচল বন্ধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের ভাঙ্গা স্থানে পণ্যবাহী ট্রাক আটকে পড়ায় বন্ধ রয়েছে সড়কে যান চলাচল। শনিবার রাতে উপজেলা বাগবাড়ি এলাকার খানাখন্দে পণ্যবাহী একটি ট্রাক আটকে থাকায় রাতেই বন্ধ হয়ে যায় যান চলাচল। রোববার সকালে গাড়ির চাপ বাড়লে সড়কের ১২ কিলোমিটার জুড়েই আটকা পড়ে কয়েক হাজার যানবাহন। যেগুলোর বেশীর ভাগই পণ্যবাহী। যানজটের কারণে ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা। এ দিকে রাত পেরিয়ে সকাল, সকাল গড়িয়ে বিকেল হলেও (বিকেল সাড়ে ৪টা) ট্রাকটি সরিয়ে নেওয়ার কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা।

দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পণ্যবাহী একটি ট্রাক বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাগবাড়ি নামক স্থানে সড়কের ভাঙ্গা অংশে আটকে আছে। ট্রাকের চাকার নীচে ইট দিয়ে ট্রাক ওঠানোর চেষ্টা চলছে। ট্রাকটি সড়কের মাঝামাঝি অবস্থানে আটকে থাকায় গাড়ি পাশ পরিবর্তন করতে পারছেনা। এতে উভয় পাশে কয়েক হাজার গাড়ি আটকা পড়ে যানজট সৃষ্টি হয়েছে।

ট্রাক চালক আইয়ুব আলী জানান, তিনি ট্রাকে করে সরকারি খাদ্য গুদামে(সিএসডি) চাল নিয়ে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টা থেকে মদনপুর- মদনগঞ্জ সড়কের চৌরাপাড়া দাসেরগাঁ এলাকায় ট্রাক নিয়ে আটকা পড়ে আছেন। বাগবাড়ি এলাকায় একটি ট্রাক উল্টে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। ট্রাক চালক জাকারিয়াও আটা-ময়দা বোঝাই ট্রাক নিয়ে ১৮ ঘন্টা ধরে লক্ষণখোলা এলাকায় আটকে আছেন। তবে কি কারণে এ জ্যাম তিনি তা জানেন না বলে জানান।

বাগবাড়ি এলাকার ইমরান মৃধা জানান, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার তৃতীয় শীতলক্ষ্যা সেতু সংযুক্ত ১২ কিলোমিটার মদনগঞ্জ-মদনপুর সড়কের বন্দর রেলওয়ে স্টেশন ও বাগবাড়ি এলাকার প্রায় এক কিলোমিটার সড়ক বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত ও খানাখন্দে পানি জমে। বৃষ্টি হওয়ায় শনিবার রাতে সড়কের গর্তে জমা পানিতে একটি ট্রাক আটকে যায়।

ধামগড় এলাকার দীন ইসলাম জানান, সড়কে পানি জমে থাকায় মাঝে মাঝে গাড়ি উল্টে যায়, দূর্ঘটনা ঘটে। গত দুই বছর ধরে এ অবস্থা চলছে। সওজ কর্তৃপক্ষ ইট ও খোয়া ফেললেও তা কোন কাজে আসেনি। শনিবার বৃষ্টি হওয়ায় সড়কের গর্তে জমা পানিতে গাড়ি আটকে যায়।

এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সড়কে ট্রাক আটকে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাক সরানোর কাজ চলছে।