

শামীম ওসমান বাহিনীর হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের পুরোনো ছবি ব্যবহার করে কৃষকদল নেতা ইব্রাহিমকে নিয়ে অপপ্রচারের অভিযোগ
ফতুল্লা থানা কৃষকদলের নেতা ইব্রাহিমকে নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী সরকারের শাসনামলে শামীম ওসমান বাহিনীর হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের পুরোনো ছবি ব্যবহার করে বর্তমানে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
ইব্রাহিম ২০০২ সালে শ্রমিকদলের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে সক্রিয়ভাবেএ বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। এর আগে তিনি বিএনপির সমর্থক ছিলেন। ২০০২ সাল থেকে অদ্যাবধি বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতা দলীয় আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে ছিলেন বলে দাবি করা হয়। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে দীর্ঘদিন ঘরবাড়ি ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুটা স্বস্তিতে ফেরার সুযোগ তৈরি হলেও ইব্রাহিমকে ঘিরে নতুন করে অপপ্রচার শুরু হয়। রাজনৈতিকভাবে মোকাবিলা করা এবং তার নিয়ন্ত্রণাধীন ট্যাক্সি ও মাইক্রোবাস স্ট্যান্ডের কর্তৃত্ব দখলের উদ্দেশ্যে একটি কৌশল নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।কারন তিনি উক্ত স্ট্যান্ডের সহ-সভাপতি ছিলেন
এ অভিযোগ অনুযায়ী, ইব্রাহিমকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে একটি মামলায় গ্রেপ্তার দেখান। সে সময় তার বিরুদ্ধে ইয়াবা উদ্ধারের অভিযোগ আনা হলেও গ্রেপ্তারের ছবিতে ইয়াবার কোনো দৃশ্যমান প্রমাণ ছিল না বলে দাবি করা হচ্ছে। ঘটনাটিকে রাজনৈতিকভাবে হয়রানি ও প্রতিপক্ষকে দমনের কৌশল হিসেবে দেখছেন তার অনুসারীরা।
বর্তমানে সেই পুরোনো গ্রেপ্তারের ছবি ব্যবহার করে আবারও ইব্রাহিমকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ফতুল্লা থানা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে পুরোনো ঘটনাকে সামনে এনে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে তিনি সাংবাদিকদের প্রতি প্রকৃত ঘটনা যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :