ফতুল্লায় বাড়িতে হামলা-ভাঙচুর, দুইজনকে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করার অভিযোগ 


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় বাড়িতে হামলা-ভাঙচুর, দুইজনকে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করার অভিযোগ 

ফতুল্লায় বাড়িতে হামলা-ভাঙচুর, দুইজনকে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লার গলাচিপা এলাকায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর, নারীকে গালিগালাজ ও দুইজনকে মারধর করে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে জামাল, অভি, সাগরসহ ৯/১০ জনের বিরুদ্ধে। এ ঘটনায় সোয়াইব হাসান আলিফ নামে এক যুবক ও তার বন্ধু মগবুল আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে গলাচিপা এলাকার নতুন মসজিদ সংলগ্ন খগেন্দ্র নাথ চক্রবর্তী সড়কে এ ঘটনা ঘটে।

সোয়াইব হাসান আলিফ জানান, অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার নানার বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় বাড়ির দরজা-জানালা, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং তার মাকে গালিগালাজ ও হয়রানি করে।

ঘটনার খবর পেয়ে সোয়াইব হাসান আলিফ ও তার বন্ধু মগবুল বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে অভিযুক্তরা তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় মগবুলের ডান হাতে লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে হাড় ভেঙে গুরুতর জখম করা হয়। পরে তাকে মারধর করে রাস্তার পাশের ড্রেনে ফেলে রাখার অভিযোগও রয়েছে।

অন্যদিকে, সোয়াইব হাসান আলিফের বাম হাতে লোহার রড দিয়ে আঘাত করে জখম করা হয়। একপর্যায়ে এক অভিযুক্ত ধারালো ছুরি দিয়ে তার পেটে আঘাত করে কাটা জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করেন।

এ ঘটনায় সোয়াইব হাসান আলিফ বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় জামাল, অভি, সাগরসহ অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মাহাবুব আলম জানান, এই ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।