

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সম্ভাবনা খুবই কম বলে মনে করেন ভারতের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশিষ্ট গবেষক ড. শ্রীরাধা দত্ত। বাংলাদেশের পক্ষ থেকে যত চাপই দেওয়া হোক কিংবা প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া যত দীর্ঘই হোক, ভারত তাকে হস্তান্তর করতে চাইবে না বলে ধারণা তার।
বাংলাদেশি সংবাদমাধ্যম ডেইলি ওয়াদাকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. শ্রীরাধা দত্ত বলেন, ‘শেখ হাসিনা ভারতের ভালো বন্ধু। ভারত তাকে মিত্র হিসেবে বিবেচনা করে। এমন একজন ব্যক্তিকে ভারত কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না।’
তবে গবেষক স্পষ্ট করেছেন, এটি ভারতের সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়। বরং ভারতীয় রাজনীতি সম্পর্কে নিজের উপলব্ধি থেকেই তিনি এমন মন্তব্য করেছেন।
ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্ত দীর্ঘদিন ধরে বাংলাদেশ নিয়ে গবেষণা করছেন। তার মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা ও নয়াদিল্লির বিরোধ সহজে মিটবে না। তবে কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে উভয় দেশকেই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
বিশ্বের অন্যতম দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থাও পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান এবং তার ভারতে চলে যাওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে।
ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ও বিভিন্ন কর্মকাণ্ড ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে আরও জটিল করে তুলেছে।
তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের সংসদের স্পিকারও অংশ নেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানায় নয়াদিল্লি। তবে সেই সফর এখন অনিশ্চিত। কিছু কনস্যুলার ও শিক্ষা কার্যক্রম পুনরায় চালু হলেও গত প্রায় দেড় দশকে দুই দেশের মধ্যে গড়ে ওঠা অধিকাংশ সহযোগিতামূলক কার্যক্রম এখনো স্থবির রয়েছে।
প্রত্যর্পণে আগ্রহী নয় ভারত
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অনিচ্ছার কারণ ব্যাখ্যা করে অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, প্রত্যর্পণ একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। তবে আইনি ও কারিগরি প্রক্রিয়া দ্রুত শেষ করা সম্ভব হলেও ভারত তাকে ফেরত পাঠাতে চাইবে কি না, সেটিই মূল বিষয়।
তিনি বলেন, ‘সহজ কথায়, আমার মনে হয় ভারত তাকে ফেরত পাঠাতে চায় না এবং ভবিষ্যতেও চাইবে না।’
ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির কয়েকটি ধারায় নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো ব্যক্তিকে হস্তান্তরের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে বাংলাদেশ তাকে দেশে ফিরিয়ে আনার দাবি অব্যাহত রাখবে বলে মনে করেন এই গবেষক।
‘চাইলে যেভাবে এসেছেন, সেভাবেই ফিরতে পারেন’
শেখ হাসিনার পাসপোর্ট এবং বাংলাদেশে ফেরার আইনি প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্ককে খুব একটা গুরুত্ব দিতে নারাজ অধ্যাপক শ্রীরাধা দত্ত।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি যদি ফিরতে চান, তাহলে অবশ্যই ফিরতে পারেন। যেভাবে এসেছেন, সেভাবেই ফিরে যেতে পারেন। এর জন্য প্রত্যর্পণ চুক্তি কিংবা পাসপোর্টেরও প্রয়োজন নেই।’
তার মতে, তৃতীয় কোনো দেশে যেতে হলে পাসপোর্টের প্রয়োজন হতে পারে। তবে নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি আলাদা। শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে আলোচনা মূলত একটি অজুহাত। দেশে ফেরার প্রকৃত ইচ্ছা থাকলে সেই যাত্রার উপায় বের করা সম্ভব।
নির্বাসনে থেকেও রাজনৈতিকভাবে সক্রিয় হাসিনা
ভারতে অবস্থান করেও শেখ হাসিনা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন বলে মনে করেন শ্রীরাধা দত্ত। এ উদ্দেশ্যে তিনি বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন এবং তার সমর্থকেরা বিভিন্ন নিবন্ধ ও ভিডিও প্রচার করছেন।
এই অধ্যাপকের মতে, আওয়ামী লীগ এবং বাংলাদেশে থাকা দলটির নেতাকর্মী ও সমর্থকদের কাছে শেখ হাসিনা এখনও গুরুত্বপূর্ণ। তাদের আশ্বস্ত রাখতে এবং রাজনৈতিক ইস্যু ধরে রাখতে তিনি সক্রিয় থাকার চেষ্টা করছেন।
এ প্রসঙ্গে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কথাও উল্লেখ করেন তিনি।
তবে আওয়ামী লীগের নিজস্ব সমর্থকগোষ্ঠীর অবস্থানের সঙ্গে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর মনোভাবের পার্থক্য রয়েছে বলে মনে করেন শ্রীরাধা দত্ত। তার মতে, দেশের একটি বড় অংশ, বিশেষ করে তরুণ প্রজন্ম এখনো শেখ হাসিনার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে।
এর পেছনে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে তৈরি হওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক অসন্তোষের পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনে সংঘটিত সহিংসতা বড় ভূমিকা রেখেছে।
শ্রীরাধা দত্তের মতে, বাংলাদেশের উল্লেখযোগ্যসংখ্যক তরুণ দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও আর্থসামাজিক নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। জুলাই আন্দোলনের সময় তাদের ওপর চালানো সহিংসতা ও হামলার স্মৃতি এত দ্রুত মুছে যাওয়ার নয়। এসব অভিজ্ঞতা তরুণ প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ককে দীর্ঘদিন প্রভাবিত করবে।
সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নেবে কে?
শেখ হাসিনার প্রত্যর্পণের চেয়েও এখন ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ কে নেবে, সেটিই বড় প্রশ্ন বলে মনে করেন অধ্যাপক শ্রীরাধা দত্ত।
তারেক রহমান ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর একটি সুযোগ তৈরি হয়েছিল। নতুন প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে নয়াদিল্লি বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছিল।
তবে পরবর্তী কিছু ঘটনা সেই সম্ভাবনাকে সংকুচিত করেছে বলে মনে করেন তিনি।
শেখ হাসিনার গত ৫ আগস্ট দিল্লিতে দেওয়া বক্তব্য, ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে তার উপস্থিতি এবং এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে উত্থাপিত শর্তগুলো পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে মনে করেন এই গবেষক।
তারেক রহমানের ভারত সফরের আগে দুই দেশের অমীমাংসিত বিরোধগুলোর সমাধান হওয়া উচিত, ঢাকার এমন অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
এ প্রসঙ্গে শ্রীরাধা দত্ত বলেন, ‘আমার কাছে বিষয়টি খুব সীমিত দৃষ্টিভঙ্গি বলে মনে হয়। কোনো সমস্যা থাকলে আলোচনা করতে হয়। আলোচনায় বসার আগেই যদি শর্ত দেওয়া হয়, তাহলে ভারত কীভাবে প্রতিক্রিয়া জানাবে? এতে এমন একটি বার্তা গেছে যে ঢাকা আসলে আগ্রহী নয়।’
তার মতে, বিরোধ মিটিয়ে তারপর কূটনৈতিক আলোচনায় বসার পরিবর্তে আলোচনার মাধ্যমেই বিরোধ নিষ্পত্তির পথ খুঁজে বের করা উচিত। তবে দুই দেশের বর্তমান অচলাবস্থার জন্য শুধু বাংলাদেশকে দায়ী করেননি তিনি।
শ্রীরাধা দত্ত বলেন, ‘দুই পক্ষের অবস্থানই কঠোর হচ্ছে। দুই সরকারের যে কোনো একটিকে এগিয়ে এসে বলতে হবে, আমাদের অনেক অমীমাংসিত বিষয় রয়েছে, এবার সেগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক।’
তার মতে, এই উদ্যোগ দুই দেশের প্রধানমন্ত্রীর যে কোনো একজনকেই নিতে হবে, এমন নয়। দুই দেশের বিদ্যমান কূটনৈতিক প্রক্রিয়া, মন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন যোগাযোগের মাধ্যম ব্যবহার করেও আলোচনা শুরু করা সম্ভব।
কূটনৈতিক যোগাযোগ নিয়েও পরস্পরবিরোধী বক্তব্য
বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগের বিষয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়ার কথাও জানিয়েছেন শ্রীরাধা দত্ত।
তার ভাষ্য অনুযায়ী, নয়াদিল্লি থেকে পাঠানো কয়েকটি বার্তার জবাব ঢাকা দেয়নি বলে তাকে জানানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধিরা জানিয়েছেন, গঙ্গার পানি বণ্টন নিয়ে ঢাকার পক্ষ থেকে পাঠানো যোগাযোগেরও কোনো জবাব দেয়নি ভারত।
দুই পক্ষের এমন পরস্পরবিরোধী বক্তব্যই কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠার জটিলতা তুলে ধরছে বলে মনে করেন তিনি।
অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, দুই দেশের মধ্যে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া চালু রয়েছে। এ ছাড়া উপদেষ্টা ও মন্ত্রীদের মধ্য থেকেও কেউ আলোচনার উদ্যোগ নিতে পারেন।
তার মতে, বর্তমান পরিস্থিতি কোনোভাবেই দীর্ঘস্থায়ী হওয়া উচিত নয়। পারস্পরিক স্বার্থ রক্ষায় বাংলাদেশ ও ভারতকে নিজেদের কঠোর অবস্থান থেকে সরে এসে আলোচনার পথ তৈরি করতে হবে।
আপনার মতামত লিখুন :