চবির হলে মাদক সেবন ও শিক্ষক হেনস্তায় শিক্ষার্থীদের প্রতিবাদ


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ৪:১৯ অপরাহ্ন / ১০০০
চবির হলে মাদক সেবন ও শিক্ষক হেনস্তায় শিক্ষার্থীদের প্রতিবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদক সেবন ও আবাসিক শিক্ষকদের হেনস্তার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় শহীদ ফরহাদ হোসেন হলের ফটকে এ কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে উপস্থিত ছিলেন হল সংসদের সাবেক ভিপি মো. শরিফুল ইসলাম। এ ছাড়া হলের সাধারণ আবাসিক শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

হল সংসদের সাবেক ভিপি মো. শরিফুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলে মাদকের বিস্তার এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গতকাল মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে দুজন হাউজ টিউটর এবং সহকারী প্রক্টর হেনস্তার শিকার হন। আমরা প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

 

ইয়াসিন আরাফাত ফারুকী নামের এক আবাসিক শিক্ষার্থী বলেন, গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক, একজন হাউজ টিউটরের গায়ে হাত তোলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এরকম ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। গতকালের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

শুক্রবার (২০ নভেম্বর) শহীদ ফরহাদ হোসেন হলের একটি কক্ষ থেকে মাদকসহ আটজনকে শনাক্ত করা হয়। এসময় কয়েকজন শিক্ষার্থী সহকারী প্রক্টরের সঙ্গে অসদাচরণ করেন এবং দুজন হাউস টিউটরকে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদেই শনিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।