সাবেক উপমন্ত্রীর বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মারা গেছেন


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ১২:৫১ অপরাহ্ন / ১০০০
সাবেক উপমন্ত্রীর বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মারা গেছেন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আবদুল হাই (৭৭) আর নেই। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

 

 

বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে স্থানীয় রাজনীতি থেকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের রাজনীতিতেও তাঁর সক্রিয় উপস্থিতি ছিল।

 

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে মুন্সীগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

 

১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হাই। তার বাবা মনির উদ্দিন ছিলেন ব্যবসায়ী। স্ত্রী জামিলা খাতুন, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে তাঁর পারিবারিক জীবন। তার বড় ভাই মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

আবদুল হাই মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও বিএ ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির প্রতি আগ্রহী ছিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখেন এই বীর মুক্তিযোদ্ধা।

 

 

বিএনপির সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আবদুল হাই। তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন। দলের কেন্দ্রীয় পর্যায়েও কোষাধ্যক্ষসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে ব্যক্তিগত নৈতিকতা, সাদামাটা জীবনযাপন ও সহজ বাচনভঙ্গির জন্য এলাকায় পরিচিতি অর্জন করেন তিনি।

 

১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার সংসদীয় রাজনীতির সূচনা হয়। এরপর ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি, একই বছরের ১২ জুন এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সব মিলিয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল হাই। তিনি বিভিন্ন সময়ে ঢাকা-৮ ও মুন্সীগঞ্জ-৪ আসনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁর রাজনৈতিক জীবনের বিবরণে উল্লেখ রয়েছে।

 

১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে আবদুল হাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। পরে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হন। সংসদ সদস্য ও উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলের সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি।

 

তার মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একজন প্রবীণ নেতার দীর্ঘ পথচলার অবসান ঘটল। তার প্রয়াণে রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী, অনুসারী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।