গ্রাহকদের ফুল দিয়ে স্বাগত জানিয়ে টাকা ফেরত দিচ্ছে ন্যাশনাল ব্যাংক


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ১২:৫০ অপরাহ্ন / ১০০০
গ্রাহকদের ফুল দিয়ে স্বাগত জানিয়ে টাকা ফেরত দিচ্ছে ন্যাশনাল ব্যাংক

স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরুর প্রথম দিনে গ্রাহকদের ফুল দিয়ে স্বাগত জানিয়ে টাকা ফেরত দেওয়া শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির সাধারণ গ্রাহকেরা চাহিদা অনুযায়ী তাদের আমানত তুলতে পারছেন।

 

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর দিলকুশায় ব্যাংকটির শাখায় সরেজমিন দেখা যায়, বেলুন দিয়ে সাজানো হয়েছে পুরো শাখা। প্রবেশপথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গ্রাহকদের হাতে ফুল তুলে দিয়ে স্বাগত জানাচ্ছেন ব্যাংকের কর্মীরা। উৎসবমুখর পরিবেশে চলছে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম।

 

টাকা তুলতে আসা গ্রাহকদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি কফি দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। এদিন টাকা উত্তোলনকারীদের বেশিরভাগকেই নতুন নোট দেওয়া হচ্ছে।

 

শাখাটির কর্মকর্তারা জানান, গত ১১ অক্টোবর টাকা ফেরত চেয়ে যেসব গ্রাহক আবেদন করেছিলেন, চাহিদা অনুযায়ী তাদের আজ অর্থ দেওয়া হচ্ছে। এ ছাড়া মানবিক ও বিশেষ বিবেচনায় অন্য গ্রাহকদেরও টাকা ফেরত দেওয়া হচ্ছে। তবে কেউ বড় অঙ্কের অর্থ তুলতে চাইলে তাকে কয়েক দিন পর আসতে বলা হচ্ছে।

 

এর আগে, মঙ্গলবার (১৩ অক্টোবর) গ্রাহকের টাকা ফেরত দিতে বেসরকারি ন্যাশনাল ব্যাংককে সাত হাজার কোটি টাকা ধার দিয়েছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়তা বা গ্যারান্টিতে এই টাকা ধার দিয়েছে সোনালী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের গ্রাহকেরা দীর্ঘদিন ধরে ব্যাংকটি থেকে চাহিদামতো টাকা তুলতে পারছেন না। এ কারণে সম্প্রতি আদালতের শরণাপন্ন হন ব্যাংকটির চার আমানতকারী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চার আমানতকারীর টাকা ফেরত দেওয়ার নির্দেশনা দেন। এরপর বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের নজরে আসে। সরকার ব্যাংকটির লেনদেন স্বাভাবিক করতে উদ্যোগ নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেয়। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ব্যাংকটির চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

 

ওই বৈঠকে ১৫ অক্টোবর থেকে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়। তারপর একই সিদ্ধান্ত নেওয়া হয় ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরুর জন্য সোনালী ব্যাংক থেকে সাত হাজার কোটি টাকা ধার নিয়েছে ন্যাশনাল ব্যাংক।