সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হত্যায় দুই আসামি গ্রেপ্তার


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন / ১০০০ Views
সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হত্যায় দুই আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হত্যায় দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

 

রোববার (৩০ আগস্ট) রাত ৩টার দিকে ফতুল্লা থানার নন্দলালপুর উত্তর মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মাইকেল (৪৫) এবং তার ছেলে ২ নম্বর আসামি মো. আপন (২২)। তারা সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার বাসিন্দা।

 

র‌্যাব জানায়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন পরিবহন শ্রমিক সজীব। এ সময় পূর্বশত্রুতা ও মাদক ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগে মাইকেল, তার ছেলে আপনসহ ১০-১২ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সজীবের ওপর হামলা চালায়।

 

হামলাকারীরা সজীবকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-১১।

 

র‌্যাব-১১ সদর কোম্পানি ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যৌথ আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ফতুল্লার নন্দলালপুর উত্তর মহল্লা এলাকায় অভিযান চালিয়ে মাইকেল ও আপনকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।