গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কারখানা শ্রমিক ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল ও পূর্বচন্দ্রা এলাকার এপেক্স লেনজারি নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন। সেদিন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেন্ডে নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দয়ে। সেসময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। শনিবার সকালে তাদের কারখানায় গুজব ছড়িয়ে পড়ে আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই গুজবে শ্রমিকরা শনিবার সকালে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।
এক পর্যায়ে তারা কারখানার অদূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই মহাসড়কের দুই দিকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও বিজিবি সদস্য ঘটনাস্থলে এসে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, তারা গুজব ছড়িয়ে আন্দোলন করছে। কিন্তু মূল ইস্যু বেতন বৃদ্ধি করা। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছে। আড়াই ঘণ্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।