কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে ফতুল্লায় রুবেল হোসেনের বিশাল শোডাউন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করায় নবনির্বাচিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আয়োজিত বর্ণাঢ্য মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন ফতুল্লা থানা যুবদলের সভাপতি প্রার্থী রুবেল হোসেন।
সোমবার ৯ জুন জেলা পরিষদ সংলগ্ন এলাকায় জেলা যুবদল ঘোষিত এ কর্মসূচিতে শিবু মার্কেট এলাকা থেকে শত শত নেতাকর্মী নিয়ে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে কর্মসূচীস্থলে উপস্থিত হন তিনি। পরে জেলা যুবদলের নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মিছিলে যোগ দেন এবং কর্মসূচি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন।
এ সময় রুবেল হোসেন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা নেতাদের মূল্যায়ন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গণমানুষের প্রত্যাশার সংগঠনে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বকে স্বাগত জানাই এবং তার হাতকে আরও শক্তিশালী করতে মাঠে থেকে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবে। নারায়ণগঞ্জের রাজপথে যুবদল সবসময় জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে।”
এ সময় ফতুল্লা থানা যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের সরব উপস্থিতি ও প্রাণবন্ত স্লোগানে পুরো কর্মসূচি প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।